নির্বাচন শান্তিপূর্ণে সেনাবাহিনী চাই: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করতে সেনাবাহিনীর সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নির্বাচনকে সত্যিকারের উৎসবে পরিণত করতে সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে প্রয়োজন।”
বুধবার (১৯ নভেম্বর) মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটোরিয়ামে কোর্স–২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক অফিসারকে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস জুলাইয়ের গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, “সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল—এ জন্য আমি তাদের ভূয়সী প্রশংসা করি।”
এবারের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তানসহ বিভিন্ন দেশের অফিসাররা অংশ নেন। অংশগ্রহণকারী অফিসাররা জানান, নেতৃত্ব, কৌশল, নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে অর্জিত জ্ঞান ভবিষ্যতে জাতীয় ও বৈশ্বিক যেকোনো সংকটে কাজে লাগবে।
এক বাংলাদেশি অফিসার বলেন, “আমরা শিখেছি কীভাবে সংকট মোকাবিলা করতে হয়। প্রয়োজনে নির্বাচনসহ জাতীয় যে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আমরা প্রস্তুত।”
চীনের এক অফিসার বলেন, “বাংলাদেশ আন্তর্জাতিক মানের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। বিভিন্ন দেশের সহকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় আমাদের সক্ষমতা আরও বাড়িয়েছে।”
অংশগ্রহণকারী আরেক বাংলাদেশি অফিসার প্রধান উপদেষ্টার বক্তব্যকে সময়োপযোগী মন্তব্য করে বলেন, “দেশ রক্ষার পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনের মতো জাতীয় দায়িত্ব পালনে আমরা প্রস্তুত।”