ভূমিকম্পে সংহতি জানাল জাতিসঙ্ঘ ও যুক্তরাষ্ট্র
আনলাই ডেস্ক । জাতীয় সংবাদ । শনিবার , ২২ নভেম্বর ২০২৫
ঢাকায় আঘাত হানা ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা এবং সংহতি জানিয়েছে জাতিসঙ্ঘ ও যুক্তরাষ্ট্র। শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানী ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায় ভূমিকম্পে ছয়জন নিহত এবং বহু মানুষ আহত হন। নিহত–আহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে আন্তর্জাতিক এই দুই সংস্থা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।
বাংলাদেশে জাতিসঙ্ঘ কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় জানায়, তারা ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছে। একইসঙ্গে প্রয়োজনে সহযোগিতা প্রদানের বিষয়েও তারা প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করা হয়।
অন্যদিকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস পৃথক বিবৃতিতে আজকের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানায়। তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এবং পরিস্থিতি সবার জন্য নিরাপদ হয়ে উঠুক বলে আশা প্রকাশ করে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, যা আগারগাঁও আবহাওয়া অধিদফতর থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে। পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মাটির ১০ কিলোমিটার গভীরে।
সূত্র: বাসাস