দিল্লিতে অজিত দোভাল–খলিলুর রহমানের বৈঠক
অনলাইন ডেস্ক । বুধবার ,১৯ নভেম্বর ২০২৫
দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলনে যোগ দিতে দিল্লি সফরকালে তিনি এই বৈঠকে অংশ নেন। তার নেতৃত্বে থাকা বাংলাদেশের প্রতিনিধিদল ভারতের এনএসএ দোভালের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে পৃথকভাবে বসেন।
বাংলাদেশ হাইকমিশন এক্স হ্যান্ডলে জানায়, বৈঠকে সিএসসির চলমান কর্মকাণ্ড, আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা এবং সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ–ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়েও মতবিনিময় করেন দুই দেশের নিরাপত্তা উপদেষ্টারা। বিশেষ করে সন্ত্রাসবিরোধী সহযোগিতা, তথ্য বিনিময় এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
বৈঠকে খলিলুর রহমান ভারতের এনএসএ অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এর আগে মঙ্গলবার তিনি দিল্লিতে পৌঁছান। আগামী বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠেয় সিএসসি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলনে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।
এই বৈঠক দুই দেশের নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনা তৈরি করেছে বলে কূটনৈতিক মহল মনে করছে।